মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বিএনপির আদর্শিক কর্মী তৈরির আঁতুড়ঘর এবং সংগঠনের ‘ভ্যানগার্ড’ হিসেবে বিবেচনা করা হয়। সংগঠনটির হাত ধরেই বিএনপির বহু কেন্দ্রীয় নেতার রাজনৈতিক উত্থান ঘটেছে। ফলে ছাত্রদলের আসন্ন কেন্দ্রীয় কমিটি নিয়ে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে শিগগিরই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এর অংশ হিসেবে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার বিষয়টিও অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানা গেছে।
সভাপতি পদে আলোচনায় যাঁরা
ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান। এছাড়া সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সহ-সভাপতি এ.বি.এম. ইজাজুল কবির রুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান-এর নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে।
দলীয় নেতাকর্মীদের মতে, সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে এসব নেতাকে সভাপতি পদের শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে।
সাধারণ সম্পাদক পদে এগিয়ে কারা
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
তবে চূড়ান্ত নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড নতুন, গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

