জাহাঙ্গীর আলম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে একটি ব্যতিক্রমী পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এক যুবকের স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বাড়ি ছেড়ে চলে যান। এরপর ঘটনাটিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলতে থাকে।
এ অবস্থায় ওই যুবকও নতুন সিদ্ধান্ত নেন। স্থানীয়দের দাবি, স্ত্রী যে ব্যক্তির সঙ্গে চলে গিয়েছিলেন, পরবর্তীতে সেই ব্যক্তির স্ত্রীকে বিয়ে করেন তিনি। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা গেছে।
পেকুয়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ঘটনার পর যুবকের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ রসিকতা করে বলেছেন, “যেভাবে পরিস্থিতির মোকাবিলা করেছেন, তাতে তাকে পুরস্কৃত করা উচিত। তবে এ ধরনের মন্তব্য ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ভাগ্যের পরিহাস হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, পারিবারিক সম্পর্কের ভাঙন সমাজে নানা ধরনের জটিল পরিস্থিতির সৃষ্টি করে।
তবে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে ঘটনাটির বিস্তারিত বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি। স্থানীয়ভাবে ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

