সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর উপজেলার উত্তরসুর এলাকার দ্বারিকাপাল মহিলা কলেজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটির ছাদে অবস্থানরত দুই যুবক উত্তরসুর এলাকায় পৌঁছালে গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন জানান,গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মো. এনামুল (২৫) ও মো. সিয়াম (১৮)।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বলেন,জয়ন্তিকা এক্সপ্রেস স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পর উত্তরসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবহিত করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

