ঢাকার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দুই কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর বিষয়টি তদন্ত করে দুই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে তাদের দায়িত্বে অবহেলা ও আচরণগত অনিয়ম পাওয়া যাওয়ায় সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
এতে আরও জানানো হয়, রোগীদের স্বার্থে হাসপাতালে সাংবাদিক প্রবেশ নিয়ন্ত্রণের চেষ্টা চলাকালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলমান রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

