মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ আল-আমিন (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৫ জুন) উপজেলার ধান্যদৌল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল-আমিন উপজেলার গোপালনগর গ্রামের (জয়নাল মাস্টারের বাড়ি) মোঃ মোহর আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন ওই শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত আল-আমিন পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ জুন) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৬নং ব্রাহ্মণপাড়া ইউনিয়নের ধান্যদৌল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি আল-আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় থানায় মামলাটি (মামলা নং-০৩) রুজু করা হয়েছিল। মামলার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপর ছিল। আজ আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

