ইরানের ড্রোন ও সামরিক অবকাঠামো নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে মন্তব্য করেছেন। তার দাবি, ইরানের অধিকাংশ ড্রোন উৎপাদন কেন্দ্র ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
শুক্রবার (৫ জুন) এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ড্রোন কারখানা ও তাদের অবস্থান সম্পর্কে তথ্য রয়েছে।
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন অবকাঠামোর বড় অংশ অকার্যকর করা হয়েছে। তবে বর্তমানে ইরানের হাতে ঠিক কত সংখ্যক ড্রোন বা ক্ষেপণাস্ত্র রয়েছে—সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা তিনি জানাননি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের সামরিক সক্ষমতার একটি অংশ এখনো টিকে থাকলেও তা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে তিনি বলেন, আলোচনা এগোচ্ছে, তবে রাজনৈতিক ‘গর্ব’ ও আস্থার সংকটের কারণে চূড়ান্ত সমঝোতা হতে সময় লাগছে।
এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি ইতিবাচক দিকেই অগ্রসর হচ্ছে।

