শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০ টায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিসা ধুলিয়া মালিপাড়ায় এই ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম শ্যামল (২৭)। তিনি মালিপাড়ার সুবাস ও সাবিত্রী দম্পতির ছেলে। শুক্রবার দিবাগত রাত ১১ টা থেকে শনিবার সকাল ৮ টার মধ্যে যে কোন সময় নিজ শোবার ঘরের চালের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।
তারা আরও জানান, শ্যামল মানসিক ভারসাম্যহীন ছিল এবং বিয়ের পর স্ত্রী ছেড়ে চলে যায়। একারণে হতাশা থেকেই আত্মহত্যা করেছে।
খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বাবু বলেন, ছেলেটা মানসিক ভারসাম্যহীন ছিল। অনেক চিকিৎসাতেও ভালো হয়নি। শেষমেষ আত্মহত্যা করলো। খুবই দরিদ্র পরিবার। যে কারণে পুলিশ আসলেও আমরা চেষ্টা করছি পোস্ট মর্টেম ছাড়াই লাশ সৎকার করার।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কিন্তু পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউপি চেয়ারম্যান লাশ থানায় না আনার জন্য অনুরোধ করেছেন।

