সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিন মাসব্যাপী দেশব্যাপী জনসচেতনতা কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “রাখিব চারপাশ পরিষ্কার,করিব ডেঙ্গু প্রতিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতালের সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় হাসপাতালের চিকিৎসক,নার্স,কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আকাশ নুনিয়া,ডা. জোবায়ের খান,ডা. মঈনউদ্দীন আহমেদ মামুন,উপজেলা হেলথ ইনস্পেক্টর বিনয় সিং রাউয়াত,প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. নুর আলম কয়েছ,নার্সিং সুপারভাইজারসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন,ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা,জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার কোনো বিকল্প নেই। তারা জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় ডেঙ্গু পরীক্ষা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. মহিবুল্লাহ আকন বলেন,“ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের কোনো বিকল্প নেই। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যে একটি বিশেষ ‘ডেঙ্গু কর্নার’ স্থাপন করা হয়েছে এবং রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী মজুত রাখা হয়েছে।”
আয়োজকরা জানান,ডেঙ্গু প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

