ডেঙ্গু পরিস্থিতি এবার আরও জটিল আকার নিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এবার আক্রান্তদের ক্ষেত্রে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি থাকতে পারে, যেখানে রোগীদের শরীরে রক্তক্ষরণসহ গুরুতর জটিলতা দেখা দিতে পারে।
শনিবার সকালে ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে এবার ডেঙ্গুর ধরন আরও মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই শুরু থেকেই সতর্ক থাকা জরুরি। তিনি নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করা হবে। যেসব স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেসব জায়গার মালিক বা দায়িত্বশীলদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।
তিনি জানান, সিটি করপোরেশনের জরিপ অনুযায়ী ঢাকা দক্ষিণের ৬৩টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ এবং ২৮টি ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রশাসকের মতে, ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশন—উভয়েরই সমান দায়িত্ব রয়েছে। তিনি সবাইকে নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

