দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ বা কথিত পুশইন ঠেকাতে কঠোর নজরদারি ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্ট, ফাঁকা এলাকা ও নদীপথে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম চলছে। পাশাপাশি অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং নাইট ভিশন ডিভাইস, ড্রোন ও বাইনোকুলার ব্যবহার করে নজরদারি বাড়ানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান, দালাল চক্র এবং অবৈধ কার্যক্রম রোধে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ের সমন্বয় ও তথ্য বিশ্লেষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।
এছাড়া সীমান্ত নিরাপত্তায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে সচেতনতামূলক সভা, মাইকিং ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত তথ্য দেওয়ার জন্য স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বাহিনী প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার জনগণ ও বিজিবির সমন্বিত উদ্যোগই নিরাপত্তা নিশ্চিতের মূল শক্তি হিসেবে কাজ করছে।
বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।

