স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর এলাকার ভূবনেশ্বর নদ থেকে এক অজ্ঞাত পরিচয়ের কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীর পানিতে একটি কিশোরীর মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিয়াকে অবহিত করেন। তার মাধ্যমে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কিশোরীর বয়স আনুমানিক ১৪ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের পর সদরপুর থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কিশোরীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ অজ্ঞাত ওই কিশোরীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সদরপুর থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

