রাজু মিয়া, লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের চুরি হওয়া মাইক ক্রয়কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চোরাই মাইক ক্রয়ের অভিযোগে এক লাইটিং ব্যবসায়ীকে স্থানীয় সালিশে মারধর ও পরিবারের সদস্যদের অপমান করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের একটি মাইক চুরি হয়। পরে সেটি স্থানীয় এক ভ্যানচালকের কাছে পাওয়া যায়। এ ঘটনায় মফিজুল ইসলাম নামে এক লাইটিং ব্যবসায়ী দাবি করেন, তিনি নয়ন নামে এক ব্যক্তির মাধ্যমে মাইকটি ক্রয় করেছিলেন এবং নয়নই তাকে মাইকটি এনে দেন।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত নয়নকে খুঁজে না পেয়ে স্থানীয় ইউপি সদস্য শাহজাদা সেলিম তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সালিশে উপস্থিত হওয়ার জন্য বলেন। পরে অনুষ্ঠিত সালিশ বৈঠকে নয়নের মাকে অপমান করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
পরিবারের দাবি, সালিশে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব নয়নের মাকে উদ্দেশ্য করে বলেন, “আপনি স্বীকার করেন আপনি চোরের মা—এটাই আপনার শাস্তি।” এছাড়া তাকে হিজাব খুলে ক্যামেরার সামনে নিজেকে ‘চোরের মা’ হিসেবে পরিচয় দিতে বলা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এদিকে গত ৩ জুন অনুষ্ঠিত এক স্থানীয় বিচারে চোরাই মালামাল ক্রয়ের অভিযোগে মফিজুল ইসলামকে তার স্ত্রী ও সন্তানের সামনে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ইউপি সদস্য শাহজাদা সেলিমের বিরুদ্ধে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

