জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা সদর ও পাঁচবিবি উপজেলার গ্রামীণ রাস্তাঘাট এবং সামগ্রিক অবকাঠামো উন্নয়নে ১ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন পেয়েছে।
গত সংসদ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই প্রকল্প অনুমোদন করিয়ে জয়পুরহাটবাসীর দেওয়া কথা রাখলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান।
প্রকল্পটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২ জুন) ঢাকা থেকে আগত একটি বিশেষ তদন্ত টিমের সঙ্গে জয়পুরহাট জেলা পরিষদের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে অনুমোদিত প্রকল্পের প্রয়োজনীয় কাগজপত্র প্রকল্প বাস্তবায়নকারী সরকারি কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) মোঃ শফিকুল ইসলাম, জয়পুরহাট এলজিইডির সহকারী সিনিয়র প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান লিটন ট্রেডার্সের স্বত্বাধিকারী আনিসুর রহমান লিটন।
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, বর্তমান বিএনপি সরকার গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা সচল করতে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট ও পাঁচবিবিতে এই বিশাল বরাদ্দ দেওয়া হয়েছে। খুব দ্রুতই মাঠ পর্যায়ে প্রকল্পের কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, গত সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের জনগণকে এলাকার সার্বিক উন্নয়নের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এই প্রকল্পের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের যাত্রা শুরু হলো।
সংশ্লিষ্টরা মনে করছেন, ১ হাজার কোটি টাকার এই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জয়পুরহাটের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন আসবে, যা স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

