শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা
বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি বলেন, ৭১’কে যারা মুছে ফেলতে চায়, তাদের রাজাকারদের পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ২৪-এর গণঅভ্যুত্থানের ফায়দা লুটছে একটি দল বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।
তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বা ইতিহাস বিকৃত করতে চায়, তারা স্বাধীনতার চেতনাবিরোধী শক্তি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না।
বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেনসহ বীর মুক্তিযোদ্ধারা ও সোনাইমুড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

