নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর লঞ্চঘাটে রশিদবিহীন চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক যাত্রী ও এক সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ঘাটের ইজারাদার মোস্তফা মাল ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়ে দুই ভুক্তভোগী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (১ জুন) দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন যাত্রী মো. সজীব সন্ন্যামাত এবং দৈনিক আমার দেশ-এর বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মাসুদ রানা। তারা চাঁদপুর সদর থানায় দুটি পৃথক জিডি দায়ের করেছেন। এছাড়া সাংবাদিক মাসুদ রানা চাঁদপুর নৌ থানায় মৌখিক অভিযোগও করেছেন।
অভিযোগে বলা হয়, বরিশালগামী সুন্দরবন-১২ লঞ্চে মোটরসাইকেল তুলতে গেলে কয়েকজন ব্যক্তি রশিদ ছাড়া কয়েকশ টাকা চাঁদা দাবি করেন। রশিদ চাইলে এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
জিডিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক মাসুদ রানা পেশাগত পরিচয় দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং যাত্রী সজীব সন্ন্যামাতকে মারধর করা হয়। এতে দুজনই আহত হন এবং মোটরসাইকেলেরও ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী সজীব সন্ন্যামাত বলেন, রশিদ ছাড়া টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং পরে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে।
সাংবাদিক মাসুদ রানা বলেন, পেশাগত পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয় এবং শারীরিকভাবে আহত করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত ইজারাদার মোস্তফা মাল ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

