মো. হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খড়াইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী মন্ডল উপজেলার ঝলকাহার (তেজাপাড়া) গ্রামের মৃত মোস্তফা মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাজ শেষে মধইল বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন রমজান আলী। পথে খড়াইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হন।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও চালককে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

