মোঃ মনজুরুল আলম, ভ্রাম্যমান রিপোর্টার, রংপুর
ফিফা বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। এবারের আসর বসছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।
বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকা ১৬ বছর পর আবারও বিশ্বকাপ মঞ্চে ফিরেছে। এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপকে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ গ্রুপে রয়েছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র (চেকিয়া)।
শক্তি-সামর্থ্যে দলগুলোর মধ্যে খুব বেশি ব্যবধান নেই বলে মনে করা হচ্ছে। প্রতিটি দলেরই রয়েছে আলাদা গল্প ও প্রত্যাশা। স্বাগতিক হিসেবে মেক্সিকো ঘরের মাঠের সুবিধা নিতে চাইবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার তারকা হিউং-মিন সনের জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ।
চেকিয়া দীর্ঘ বিরতির পর ২০০৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরেছে। এর আগে ২০১০ বিশ্বকাপে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল।
মেক্সিকো দল নিয়ে বিশ্লেষণ
মেক্সিকো জাতীয় দলের দায়িত্বে আছেন হ্যাভিয়ের আগিরে, এটি তার তৃতীয় মেয়াদ। তার অধীনে দলটি নতুন করে সংগঠিত হয়েছে। ২০২৫ সালে কনকাকাফ নেশনস লিগ ও গোল্ডকাপ জয়ের পর দলের আত্মবিশ্বাস বেড়েছে।
সম্প্রতি মার্চে পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে মেক্সিকো, যদিও গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ছাড়াই তারা মাঠে নামে। বিশেষ করে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়লেও প্রথমার্ধে ভালো পারফরম্যান্স দেখায় দলটি।
তবে বিশ্বকাপে ধারাবাহিকতা ধরে রাখা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে বিশ্লেষকদের ধারণা।
দক্ষিণ আফ্রিকা দল
দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস জানিয়েছেন, এটি তার কোচিং ক্যারিয়ারের শেষ বড় আসর হতে পারে। ৭৪ বছর বয়সী এই বেলজিয়ান কোচ দলকে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে এসে প্রশংসা কুড়িয়েছেন।
গ্রুপের অন্যান্য ম্যাচ
একই দিনে দক্ষিণ কোরিয়া ও চেকিয়ার মধ্যকার ম্যাচটি অন্য ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পরাজিত দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় থাকবে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেক্সিকো জয় পেলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথে বড় সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।

