আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজারে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ আজিজ (২৬)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, ২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ৪টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ডিককুল এলাকার আলী আহম্মদের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়।
পরে তার ঘর ও হেফাজত তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৯,৮০০ পিস ইয়াবা, ১৮০ গ্রাম হেরোইন এবং ৪৮ গ্রাম ক্রিস্টাল আইস।
গ্রেফতারকৃত আজিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে একটি আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

