মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ীতে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তার অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ এর কনফারেন্স রুমে সংরক্ষিত মহিলা আসন-৩৩৭ এর সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকার অনুকূলে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং জেলা সেক্রেটারি মো. আলীমুজ্জামান প্রমুখ।
এসময় রাজবাড়ী জেলার ৩১২ জন দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন অংকে মোট ১০ লাখ টাকার ঈদ উপহার ও মানবিক সহায়তা প্রদান করা হয়।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

