সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুনিল সাঁওতাল রাধানগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার ভোরে সুনিল সাঁওতাল ঘাস কাটার জন্য স্থানীয় একটি লেবু বাগানে যান। বাগান মালিক বন্যশুকর তাড়াতে বাগানের চারপাশে থাকা কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। ঘাস কাটার সময় অসাবধানতাবশত সুনিল ওই বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন,প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ থাকায় ঘাস কাটতে গিয়ে সুনিল সাঁওতাল বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

