সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):
নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন স্থায়ী,অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযানকালে মাছ বাজার, লেবু বাজার, শাক-সবজি, মশলা, চাল, মাংস ও শুটকির বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, যত্রতত্র পণ্যবাহী যানবাহন দাঁড় করিয়ে রাস্তায় যানজট সৃষ্টি করা হচ্ছে। এ অপরাধে দুটি চালের আড়ৎকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না করার অঙ্গীকারও করেন সংশ্লিষ্টরা।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজারগুলোতে বিশেষ নজরদারি চালানো হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করে ভিন্ন ভিন্ন দামে পণ্য বিক্রির অভিযোগে দুইজন মশলা বিক্রেতাকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সকল দোকানিকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করে ন্যায্য দামে ও মানসম্মত পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, “জনস্বার্থে বাজার ব্যবস্থাপনা ও মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বা ভোক্তা অধিকার লঙ্ঘনকে ছাড় দেওয়া হবে না।”
উপজেলা প্রশাসন জানায়,জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

