প্রায় চার বছর দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ত্যাগ করছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বিদায়ের আগে তিনি বাংলাদেশের জনগণের উদ্দেশে একটি লিখিত বার্তা দিয়েছেন, যেখানে তিনি দুই দেশের সম্পর্ক, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে মন্তব্য করেন।
তিনি জানান, ঢাকায় তার প্রায় চার বছরের দায়িত্বকাল ছিল অত্যন্ত ঘটনাবহুল ও অভিজ্ঞতাসমৃদ্ধ। এই সময়ে বিভিন্ন পরিবর্তন, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এবং দুই দেশের সম্পর্কের নানা ধাপ তিনি প্রত্যক্ষ করেছেন।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশে অবস্থানকালে গড়ে ওঠা ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক তার জীবনে গভীর ছাপ ফেলেছে। তিনি এবং তার পরিবার বাংলাদেশে পাওয়া বন্ধুত্ব ও আন্তরিকতাকে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে মনে রাখবেন বলে উল্লেখ করেন।
বার্তায় তিনি বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক, ঐতিহাসিক, ভাষাগত ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার কথা তুলে ধরেন। পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে দুই দেশের সম্পর্কের আবেগঘন ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতীয় এই কূটনীতিক আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও আধুনিক, বাস্তবসম্মত ও পারস্পরিক স্বার্থভিত্তিক কাঠামোর ওপর এগিয়ে যাবে।
সবশেষে তিনি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “চার বছর দীর্ঘ সময় হলেও বিদায় বলা সহজ নয়”—এবং বার্তার শেষে তিনি সংক্ষেপে বলেন, “আবার দেখা হবে”।

