রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের মধ্যে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ধর্ষণ ও সহিংসতার মতো অপরাধ এখন সমাজের সহনশীলতার সীমা ছাড়িয়ে গেছে। সরকার এসব অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করছে।
রামিসা হত্যার প্রসঙ্গে তিনি জানান, ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং মামলার চার্জশিট আজই আদালতে দাখিল করা হবে। তার দাবি অনুযায়ী, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৫ থেকে ৭ দিনের মধ্যেই মামলার বিচার শেষ করার পরিকল্পনা রয়েছে।
এ সময় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

