সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। পরে তিনি খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর প্রস্তুতি নিচ্ছে—এতেই একটি মহলের জ্বালা ধরেছে। তারা কৃষকের সমস্যা, খাল খনন বা কর্মসংস্থান নিয়ে কথা বলছে না, বরং অরাজকতা সৃষ্টি করতে চাইছে।”
তিনি আরও বলেন, দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ ও কৃষকেরা। কিছু মহল দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনের শাসন বাধাগ্রস্ত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫ বছর আগে এই খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, পরে তা বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার আবারও প্রকল্পটি শুরু করেছে। এতে প্রায় ৪ লাখ ৩ হাজার কৃষক ও ২০ হাজার মানুষ উপকৃত হবে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ময়মনসিংহে প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল রয়েছে, যা পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে।
পল্লবীতে শিশু রামিসা হত্যার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, তবে আইনের বাইরে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা উচিত নয়।
জনসভায় তিনি আরও জানান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষার্থীদের পোশাক-ব্যাগ ও বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তিনি শেষে বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

