কুড়িগ্রামের ধরলা নদীর ওপর প্রস্তাবিত ১,৭৫০ মিটার দীর্ঘ সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা রোড ব্রিজ কর্পোরেশনের একটি প্রতিনিধি দল স্থান পরিদর্শন করেছে।
শনিবার (২৩ মে) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম বাংটুর ঘাট এলাকায় গিয়ে তারা প্রস্তাবিত সেতুর স্থান ও সংশ্লিষ্ট কারিগরি দিকগুলো ঘুরে দেখেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই। দলে আরও ছিলেন বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও ও সহকারী প্রকৌশলী শানতোনো।
এ সময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকল্প সূত্রে জানা যায়, শিবরাম বাংটুর ঘাট এলাকায় ধরলা নদীর ওপর সেতুটি নির্মাণের প্রস্তাব দিয়েছে এলজিইডি। দীর্ঘদিন ধরে নদী দ্বারা বিচ্ছিন্ন ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের যাতায়াত সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, সেতুটি বাস্তবায়িত হলে প্রায় ৮ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্য ও পণ্য পরিবহনেও গতি আসবে, যা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী জানান, ঈদের পর একটি স্টাডি টিম এসে প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা যাচাই করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

