পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কুরবানির ওপর বিধিনিষেধকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। এ ইস্যুতে নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্য সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, ভারতে বসবাস করতে হলে দেশের আইন ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। কেউ যদি তা মানতে না চান, তাহলে অন্য কোনো দেশে চলে যাওয়ার স্বাধীনতা তার রয়েছে।
সম্প্রতি প্রকাশ্যে পশুবলি ও কুরবানি নিয়ন্ত্রণে প্রশাসনিক নির্দেশনা জারির পর বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে ঈদুল আজহা সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে।
এ সময় হুমায়ুন কবীর দাবি করেন, কুরবানি মুসলমানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশীলনের অংশ। তিনি প্রশ্ন তোলেন, যদি কুরবানি সীমিত করা হয়, তাহলে কসাইখানাগুলোর কার্যক্রমও বন্ধ করা উচিত। তার মতে, প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের ধর্মীয় রীতিনীতি বন্ধ করা সমীচীন নয়।
হুমায়ুন কবীরের এই বক্তব্যের জবাবে অগ্নিমিত্রা পাল বলেন, সরকারি নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য। পশ্চিমবঙ্গে বসবাস করতে হলে সেই নিয়ম মেনেই চলতে হবে। তার মন্তব্যের পর নতুন করে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে।
এদিকে কুরবানি সংক্রান্ত বিধিনিষেধ এবং ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

