নওগাঁ জেলার মান্দা উপজেলায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে বোরো ধান, আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। ফসল ও ফলজ গাছ রক্ষার জন্য ভাটাটি সরানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বেলা ১১টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মিরপুর এলাকায় “নুরজাহান ব্রিকস” ইটভাটার সামনে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয়রা জানান, ইটভাটাটি পরিচালনা করছেন নাজমুল হক মিলন। মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা বলেন, প্রায় ১৭ বছর ধরে এলাকায় এই ভাটাটি চলছে। গত বছরও ধোঁয়ার কারণে বোরো ধান, আম, কাঁঠাল, লিচুসহ নানা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় সামান্য ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছিল।
কৃষক আলম হোসেন জানান, ভাটার পাশে তার ২৫ কাঠা জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। কয়েক দিনের মধ্যে ধান কাটার কথা ছিল, কিন্তু ভাটার ধোঁয়ার কারণে পুরো খেত ঝলসে গেছে। ফলে এবার ধান পাওয়ার সম্ভাবনা নেই। মিরপুর গ্রামের আলমাস হোসেন বলেন, তার বাগানের আম এখনও পরিপক্ক হওয়ার আগেই পচে যাচ্ছে। একইভাবে কাঁঠাল ও লিচুতেও ক্ষতি দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা শামীম হোসাইন অভিযোগ করেছেন, ভাটার ধোঁয়ার কারণে নারকেলগাছে ফল আসছে না এবং যেগুলো আসছে, সেগুলোও রোগাক্রান্ত হয়ে পড়ছে। তার চারটি জলপাইগাছও মারা গেছে। তবে ভাটামালিক নাজমুল হক মিলনের মন্তব্য পাওয়া যায়নি।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী জানান, নুরজাহান ব্রিকসসহ তিনটি ইটভাটার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এসেছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অবস্থিত এই ধরনের ইটভাটার কারণে কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

