ঝিনাইদহে জুমার নামাজ শেষে হামলার অভিযোগে মামলা গ্রহণ না করার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। মামলা না নেওয়ার অভিযোগ তুলে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীরা।
শুক্রবার (২২ মে) ঝিনাইদহে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় গেলে অভিযোগ গ্রহণ না করার অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে তারা থানার সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
নেতাকর্মীদের দাবি, থানায় লিখিত অভিযোগ জমা দিলেও পুলিশ তা গ্রহণে টালবাহানা করেছে। এমনকি থানার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। মামলা গ্রহণ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে বলেন, থানাকে কোনো দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার না করে নাগরিকের আস্থা ও ন্যায়বিচারের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি দলদাসত্বের সংস্কৃতি পরিহার করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি আরও অভিযোগ করেন, আইনমন্ত্রীর নিজ এলাকায় যদি ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়, তাহলে পরিবর্তন শুরু হওয়া উচিত স্থানীয় পর্যায় থেকেই।
শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় পুলিশ প্রশাসনের সংস্কার এবং দলীয় প্রভাবমুক্ত বিচারব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।

