গত বছরের জুনে বাংলাদেশে পুশ-ইন করা পাঁচজনকে ভারতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ফিরিয়ে আনার পর তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই করা হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২২ মে) ভারতের সুপ্রিম কোর্টে শুনানির সময় সরকারের পক্ষ থেকে এ তথ্য উপস্থাপন করা হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, মানবিক বিবেচনায় ওই পাঁচজনকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ দিনের মধ্যে তাদের ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে পুশ-ইন হওয়া ছয়জনের মধ্যে একজন নারীকে তার সন্তানসহ ভারতে ফিরিয়ে নেওয়া হয়। বাকি পাঁচজনকে ঘিরে দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলছিল, যা এখন নতুন মোড় নিয়েছে।
সূত্র জানায়, ওই ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে পুশ-ইন করা হলেও পরে বিষয়টি নিয়ে আদালতে মামলা হয় এবং কেন্দ্রীয় সরকারকে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দেওয়া হয়।

