ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ শাসনের পর দেশটির ক্ষমতার কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের বরাতে বলা হয়, খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি হিসেবে সামনে আনা হলেও বাস্তবে সিদ্ধান্ত গ্রহণে তিনি এককভাবে প্রভাবশালী নন। বরং নীতিনির্ধারণে একটি ছোট কিন্তু শক্তিশালী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিবেদনে এই গোষ্ঠীকে ‘ব্যান্ড অব ব্রাদার্স’ নামে উল্লেখ করা হয়েছে, যাদের বেশিরভাগই ইরান-ইরাক যুদ্ধকালীন অভিজ্ঞতাসম্পন্ন রেভল্যুশনারি গার্ডের সাবেক ও বর্তমান শীর্ষ কমান্ডার।
ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর সঙ্গে যুক্ত থেকে ইরানের অভ্যন্তরীণ নীতি ও কৌশলগত সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছে। মোজতবা খামেনির সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
বিশেষজ্ঞদের মতে, এই সামরিক-নিরাপত্তা ঘনিষ্ঠ নেটওয়ার্ক ইরানের ক্ষমতার কেন্দ্রকে ভাঙার বদলে আরও সুসংগঠিতভাবে নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখছে।
তবে এসব দাবির বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

