এমএ আউয়াল আশিক:
ঢাকার পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিশার কবর জিয়ারত করেছেন স্থানীয় সংসদ সদস্য মুন্সিগঞ্জ -০১ আসনের এমপি শেখ মো. আব্দুল্লাহ। শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদি গ্রামে গিয়ে তিনি রামিশার কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এসময় তিনি রামিশার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন রামিশার বাবা মো. হান্নান মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সিরাজদীখান উপজেলা শাখার সেক্রেটারি মো. হায়দার আলী, সাবেক সভাপতি মো. ধীরেন কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কয়েকশ নেতাকর্মী।
উল্লেখ্য, ঢাকার পল্লবী এলাকায় শিশু রামিশা ধর্ষণ ও হত্যার শিকার হলে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

