আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে গৃহীত কর্মসূচির সুফল ও গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় জেলা তথ্য অফিস, কক্সবাজরের সম্পাদিত কাজের অগ্রগতি গণমাধ্যমকর্মীদের অবহিতকরণের লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম হেলালীর উপস্থিতিতে জেলা তথ্য অফিসার মো: আব্দুছ ছাত্তার প্রেস ব্রিফিংয়ের মূলবিষয়বস্তু উপস্থাপন করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’–এই মূলনীতি ও দর্শনকে সামনে রেখে বর্তমান সরকারের ঘোষিত নির্বাচনি ইশতেহারের প্রধান ৪টি প্রতিশ্রুতি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার এবং ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সম্প্রীতি সুদৃঢ়করণের মতো বিষয়কে গুরুত্ব দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণযোগাযোগ অধিদপ্তরের জন্য আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী ৫ বছরের প্রচার পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনা গণযোগাযোগ অধিদপ্তর ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি আরো বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিস বহুমুখী প্রচার কার্যক্রমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফলসমূহ জনগণের নিকট তুলে ধরছে।
সহকারী তথ্য অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’–এই দর্শনের ভিত্তিতে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করেছে। এর মূল লক্ষ্য সমাজের প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন। এই প্রকল্পের মূল বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রতিটি কার্ডধারী পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। আর এই কার্ডের মাধ্যমে বাজারদরের চেয়ে অনেক কম দামে চাল, ডাল, সয়াবিন তেল ও চিনি কেনা যাবে।
খাল খনন কর্মসূচির মূল সুফল হলো কৃষি সেচের সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, ভূগর্ভস্থ পানির নির্ভরতা হ্রাস এবং বন্যা নিয়ন্ত্রন। এই কর্মসূচি শুধু কৃষি ক্ষেত্রেই নয়, সামগ্রিক অর্থনীতি ও পরিবেশের জন্য নানামুখী ইতিবাচক প্রভাব ফেলবে। কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানে সরকার কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাধ্যমে কৃষক কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করেছ। কৃষির উন্নয়ন নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ প্রদানের লক্ষ্যে এবারের পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করবে। এই সুবিধা প্রায় ১২ লাখ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে ঋণখেলাপি হওয়ার হাত থেকে রক্ষা করবে এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখবে।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকারমূলক কর্মসূচী হলো আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই মহতী উদ্যোগের মূল সুফলসমূহের মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য পুনরুদ্ধার, জলবায়ু সুরক্ষা, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলা ইত্যাদি।
জেলা তথ্য অফিস কক্সবাজার কর্তৃক সম্পাদিত প্রচার কার্যক্রমের অগ্রগতি অবহিতকরণে তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমান সরকার শপথ গ্রহণের পর থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত সময়ে গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ (একশত আশি) দিনের কর্মপরিকল্পনার আওতায় জেলা তথ্য অফিস কক্সবাজার ৯টি উঠান বৈঠক/কমিউনিটি সভা, ২টি নারী সমাবেশ, ১টি ফ্যামিলি সমাবেশ, ১টি কৃষক সমাবেশ, ১টি আলোচনা সভা, ১টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা, ৪০৫টি চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শন, ৪৭ ইউনিট সড়ক প্রচার/মাইকিং, ৪৩টি অনলাইন প্রচার বাস্তবায়ন করেছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কার্যক্রম যেমন-খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ইত্যাদি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানসমূহের সরাসরি বা লাইভ সম্প্রচার জেলা তথ্য অফিস প্রজেক্টরের মাধ্যমে জনসমক্ষে প্রদর্শন করছে।
সরকারের গৃহীত কার্যক্রমের সুফলসহ এর অগ্রগতি জেলা তথ্য অফিস কর্তৃক প্রচারের পাশাপাশি জেলার সাংবাদিকবৃন্দকে প্রচারের অনুরোধ জানিয়ে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজাররের সভাপতি বক্তব্য রাখেন। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

