সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্ত,চোরাই মোটরসাইকেলের অভিযোগ।
মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি চোরাই হতে পারে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও (মুরালী) এলাকার রাজনগর-সিলেট আঞ্চলিক সড়কের কুচিমুড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,অন-টেস্ট একটি পালসার মোটরসাইকেল নিয়ে সিলেটগামী সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলসহ তিনি ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে রাজনগর থানার এসআই (নি.) মো. আলমগীর কবীর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে রাজনগর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া শুক্রবার (২২ মে) জানান,নিহত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় তিন থেকে চারটি চুরির মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তিনি চুরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
ওসি আরও জানান,দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি চোরাই বলে একজন ব্যক্তি দাবি করেছেন। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে,উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বর্তমানে রাজনগর থানা হেফাজতে রয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

