সরাইল প্রতিনিধি:
ব্রব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের ১নং ওয়ার্ডে বজ্রপাতে ছলিমউদ্দিন (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছলিমজদ্দিন ওই এলাকার বাসিন্দা নুরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে ছলিমউদ্দিন মাঠ থেকে গরু আনতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন বলে নিশ্চিত করেন স্বজনরা।
ছলিমউদ্দিনের আকস্মিক মৃত্যুতে পুরো জয়ধরকান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি মানবেতর পরিস্থিতিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ এলাকায় সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

