বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে খুব অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্য ব্যারাকে ফিরে যেতে পারবেন।
বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেনাপ্রধান জানান, দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় নিয়োজিত সেনাসদস্যদের একটি বড় অংশ এরই মধ্যে ব্যারাকে ফিরে এসেছেন। তবে বর্তমানে দেশের ৬২টি জেলায় এখনো প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
তিনি স্পষ্ট করে বলেন, “যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, আমাদের মাঠে থেকে বিভিন্ন কাজ চলবে।” উদাহরণ হিসেবে তিনি বর্তমানে দেশের বিভিন্ন ফুয়েল ডিপোগুলোতে সেনাবাহিনীর সক্রিয় মোতায়েনের কথা উল্লেখ করেন।
দেশ গঠন এবং জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ২০২৪ সালের ২০শে জুলাই থেকে দেশের বিশেষ প্রয়োজনে সেনাসদস্যরা মাঠপর্যায়ে অত্যন্ত নিষ্ঠা, ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
গত ১৬ই মে থেকে শুরু হওয়া এবারের বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

