ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, জুলাই অভ্যুত্থান হঠাৎ করে হয়নি; এর পেছনে বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন, সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের ইতিহাস জড়িত।
বুধবার (২০ মে) রাজধানীতে ‘জুলাই সনদ ও গণভোট’ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির বহু নেতাকর্মী দীর্ঘদিন ধরে কারাবরণ করেছেন, অনেকে নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি প্রাণও দিয়েছেন—তবুও আন্দোলন থেকে দলটি পিছিয়ে যায়নি।
আব্দুস সালাম দাবি করেন, জনগণের ভোটে বিএনপি বারবার ক্ষমতায় এসেছে এবং জনগণের ম্যান্ডেট অনুযায়ীই তারা রাষ্ট্র পরিচালনা করেছে। তিনি বলেন, বর্তমানে ‘জুলাই সনদ’ নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির ১৭ বছরের আন্দোলনের মাধ্যমেই আজকের রাজনৈতিক পরিবর্তনের ভিত্তি তৈরি হয়েছে। দলের নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রামকে অস্বীকার করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন।
আব্দুস সালাম বলেন, বিভিন্ন সময়ে বিএনপিকে দমন, নির্যাতন ও রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হলেও দলটি টিকে আছে এবং এখনো জনগণের পাশে রয়েছে।
তিনি আরও দাবি করেন, বর্তমান সময়ে রাজনৈতিক বিরোধীরা বিএনপির অর্জন নিয়ে প্রশ্ন তুললেও জনগণ দলটির সঙ্গেই আছে। সরকারকে বাধা না দিয়ে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বানও জানান তিনি।

