পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
বুধবার (২০ মে) এক বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশ দলের এই অর্জন দেশবাসীর জন্য গর্বের বিষয়।
তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ টানা চার টেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, পুরো সিরিজে বাংলাদেশ দলের খেলোয়াড়রা অসাধারণ দক্ষতা, দলগত ঐক্য এবং আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে। বিশেষ করে শেষ টেস্টের চাপপূর্ণ মুহূর্তে তাদের লড়াকু মানসিকতা ছিল প্রশংসনীয়।
তিনি আরও বলেন, এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।
বিবৃতির শেষে তিনি জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

