ময়মনসিংহে ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০২৬) ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা থেকে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সংযোগের মাধ্যমে দেশের অন্যান্য জেলার মতো ময়মনসিংহেও এ মেলার উদ্বোধন করা হয়।
পরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী এবং জেলা প্রশাসক সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
মেলায় নাগরিকদের ভূমিসেবা বিষয়ে সরাসরি তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজা ম্যাপ সম্পর্কিত সেবা।
উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালিও বের করা হয়। পরে অতিথিরা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

