জেলা প্রতিনিধি:
নওগাঁয় বাসচালককে মারধরের ঘটনার জেরে জেলার সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে বগুড়া, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন রুটে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে নওগাঁ বাসস্ট্যান্ডে পৌঁছায়। বাস থেকে যাত্রী নামানোর পর বাস ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক চালককে মারধর করে। পরে বাসটি কাউন্টারে গেলে সেখানে ভাঙচুরের চেষ্টার অভিযোগও ওঠে।
এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন তারা।
হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। গাইবান্ধাগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, “ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলাম, এসে দেখি বাস বন্ধ। মাঝেমাঝেই এমন ভোগান্তি হয়।
আরেক যাত্রী মুনিরা আক্তার বলেন, জরুরি কাজে ঢাকায় যেতে হবে, কিন্তু কাউন্টারে এসে জানতে পারলাম বাস চলবে না।
এ বিষয়ে নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, একতা বাসের স্টাফদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নওগাঁ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বাস চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

