বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার (১৮ মে) “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ” বাউফল শাখার ব্যানারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, ১৯৯৩ সালে চালু হওয়া এ প্রকল্পটি শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন ও নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে প্রকল্পটির অষ্টম পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, প্রায় ৭১ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা ও অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করছেন। তারা পাঠদানের পাশাপাশি সামাজিক সচেতনতা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সরকারি কার্যক্রমেও ভূমিকা রাখছেন।
স্মারকলিপিতে প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর, চাকরির স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবি জানানো হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন বাউফল শাখার সভাপতি মো. আবুল হোসেন।

