বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের তারিখ চূড়ান্ত করতে আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হতে পারে।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদের দিন নির্ধারণের উদ্দেশ্যে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বৈঠকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে আন্তর্জাতিকভাবে সৌদি আরবে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ১০ জিলহজ ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। একই দিনে ঈদ পালনের ঘোষণা দিয়েছে ওমান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

