ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের প্রাপ্য সহায়তা সরাসরি ঘরে ঘরে পৌঁছে দিতে সরকার কাজ করছে। ফ্যামিলি কার্ড পেতে কোনো নেতার কাছে যেতে হবে না এবং কোনো ধরনের কমিশনও দিতে হবে না—এই ব্যবস্থাই নিশ্চিত করা হচ্ছে।
চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৭৩০ জন ভাতাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

