বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিকাশকে এগিয়ে নিতে অর্ধদিবসব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) জেলা শহরের স্কাই ভিউ রেস্টুরেন্টের হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত “স্বাধীনতা” প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন প্রকল্পের ফ্যাসিলিটেটর নাফিস ইকবাল ও উর্মি রায়। এসময় রংপুর ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কো-অর্ডিনেটর প্রদীপ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি এবং সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের মতপ্রকাশের সুযোগ বাড়ালেও এর নিরাপদ, দায়িত্বশীল ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ধারণা দেওয়া হয়।

