আগামী বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির জন্য বাড়তি বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
শনিবার (১৬ মে) চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, চলমান বাজেটটি অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত হওয়ায় এসব কর্মসূচির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ ছিল না। তবে নতুন বাজেটে সাধারণ মানুষের কল্যাণে এ খাতে গুরুত্ব বাড়ানো হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়, বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে মানুষের উপকার নিশ্চিত করা।
এ সময় তিনি আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনার কথাও জানান। তার মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং খালের আশপাশের মানুষও সরাসরি উপকৃত হবে।
কৃষকদের স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষি খাত শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতিও আরও মজবুত হবে।

