মোঃ জালাল হোসেন, ক্রাইম রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ীতে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ এক কিশোরকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর এলাকায় পদ্মা নদীর পাড়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানার এসআই মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একটি দল রাত ১০টায় ৩০ মিনিটের দিকে বিদিরপুর খেয়াঘাট এলাকায় অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ডিঙি নৌকা থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে কিশোর মোঃ জিহান মোবারককে (১৭) আটক করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে তার সহযোগী মোঃ নাসির উদ্দীন (৫৩) পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ও পলাতক উভয়ের বাড়ি গোদাগাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামে।
আটককৃত কিশোরের হাতে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে কসটেপে মোড়ানো ১ কেজি ওজনের হেরোইন উদ্ধার করা হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এছাড়াও মাদক বহনকারী ২৩ ফুট লম্বা একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করে পুলিশ।
গোদাগাড়ী মডেল থানার এসআই রেজাউল করিম জানান, পলাতক আসামি নাসির উদ্দীনের বিরুদ্ধে ইতিপূর্বেও (২০১৫ সালে) বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এই ঘটনায় আটক কিশোর ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৫)।
পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

