মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার;
নীলফামারীতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৫/ মে) সকালে নীলফামারী মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নর্দান ক্রিকেট ক্লাব, নীলফামারী এবং সিটি ক্রিকেট ক্লাব, সৈয়দপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই আয়োজন নীলফামারীর ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এই মাঠ থেকেই রিশাদ হোসেন ও মারুফা আক্তারের মতো বিশ্বমানের প্রতিভা বেরিয়ে আসবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রতিযোগিতার ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম। তিনি বলেন, প্রথম বিভাগের পর শিগগিরই দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগও আয়োজন করা হবে। নিয়মিত এসব প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল থেকে দক্ষ ক্রিকেটার গড়ে উঠবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী শামীম এবং জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, এবারের লিগে ‘ক’ ও ‘খ’ দুটি গ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো, সিটি ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নর্দান ক্রিকেট ক্লাব, রাইজিং ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), চৌমুহনী ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), অরুণোদয় ক্রিকেট ক্লাব, স্টার ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নীলফামারী ক্রিকেট একাডেমি এবং নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি।

