সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল হাইল হাওড় এলাকা থেকে মাহমুদ বকস্ (৩০) নামে এক মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যার পর উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি শহরতলীর নোয়াগাঁও এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়,রাজাপুর এলাকায় প্রাণ কোম্পানির হ্যাচারি সংলগ্ন জলাশয়ে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বৃহস্পতিবার (১৪ মে) জানান,নিহত মাহমুদ বকস্ মঙ্গলবার রাতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে হাইল হাওড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা জানান,রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
পুলিশের ধারণা,মাছ ধরার সময় পা পিছলে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। মরদেহ উদ্ধারের সময় মাছ ধরার সরঞ্জামও পাওয়া গেছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

