ঢালিউড সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। একজন অভিনেত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।
তিনি জানান, অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে সিনেমাটির সেন্সর সনদ বাতিল করা হয়েছে। শুরুতে কোনো আপত্তি না থাকায় সেন্সর ছাড়পত্র দেওয়া হলেও পরে নতুন অভিযোগ ওঠায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
অভিযোগে বলা হয়, জেবা জান্নাতকে নাটকের কথা বলে কাজ করানো হলেও পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হয়। পাশাপাশি চলচ্চিত্র হিসেবে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি বলে দাবি করেন তিনি।
এরপরই সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করা হয়।
এদিকে সিনেমাটির নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, এখনো তিনি কোনো অফিসিয়াল নোটিশ পাননি। বিষয়টি সত্য হলে তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন বলেও জানান।
তার ভাষ্য, সিনেমাটির পেছনে ইতোমধ্যে প্রায় তিন কোটি টাকার বেশি খরচ হয়েছে। মুক্তির একদিন আগে এমন সিদ্ধান্ত এলে বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনবেন বলেও মন্তব্য করেন।
অন্যদিকে সিনেমাটিতে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় অসন্তোষ প্রকাশ করেছেন।
তিনি জানান, শুরুতে এটি একটি ছোট পরিসরের নাটক বা টেলিফিল্ম হওয়ার কথা ছিল। পরে নির্মাতার অনুরোধে তিনি এতে যুক্ত হন। তবে পরে এটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা জানতে পেরে বিস্মিত হন তিনি।
অভিনেত্রী জেবা জান্নাতও একই ধরনের অভিযোগ করেন। তার দাবি, নাটকের কথা বলে তাকে যুক্ত করা হলেও পরে শুটিং চলাকালে জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে।

