নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :
গরমের তীব্রতায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পানির ভারসাম্য বজায় রাখতে শসা, তরমুজ, ডাব, টকদই, লেবুর শরবত, পুদিনা পাতা, লাউ এবং মৌসুমি রসালো ফল বেল ও বাঙ্গি নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এসব খাবার শরীরকে শীতল রাখার পাশাপাশি ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ ও হজমে সহায়তা করে।
চিকিৎসকদের মতে, গরমের সময় অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে সোডিয়াম ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ বেরিয়ে যায়। এতে ক্লান্তি, দুর্বলতা এবং পানিশূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দিতে পারে। এই অবস্থাকেই চিকিৎসাবিজ্ঞানে ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা বলা হয়।
ডাবের পানি গরমে অন্যতম উপকারী পানীয় হিসেবে ধরা হয়। এতে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, যা প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট হিসেবে কাজ করে এবং শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞরা দিনে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি ডাবের পানি নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়েছেন।
লেবুর শরবতেও সামান্য লবণ ও চিনি মিশিয়ে খেলে শরীরের সোডিয়াম ও শর্করার ভারসাম্য দ্রুত ফিরে আসে এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
গরমে যারা দীর্ঘক্ষণ রোদে কাজ করেন, তাদের জন্য স্যালাইন পান করা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এটি শরীরে সোডিয়াম ও শর্করার ভারসাম্য রক্ষা করে হিটস্ট্রোকের ঝুঁকি কমায়।
এছাড়া ঘোল একটি উপকারী পানীয় হিসেবে বিবেচিত হচ্ছে। এতে থাকা প্রোবায়োটিক উপাদান হজমে সহায়তা করে এবং সামান্য লবণ মিশিয়ে খেলে সোডিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে।
তরমুজ গরমে শরীর হাইড্রেট রাখতে বিশেষ ভূমিকা রাখে, কারণ এতে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। এতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম পেশির টান বা ক্র্যাম্প কমাতে সহায়তা করে।
বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিয়েছেন, গরমে ভাজাপোড়া ও ভারি খাবার এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি।


