সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সেন (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যায় স্থানীয়রা তাকে কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত শুক্লা সেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের অঞ্জন সেন ও লক্ষী রানী সিনহা দম্পতির বড় মেয়ে। তিনি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে রিসিপসনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। চাকরির কারণে শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একাই ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘ সময় ধরে শুক্লার কক্ষের দরজা বন্ধ থাকায় আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা ভেতরে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

